শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
আজ ৩৬ জুলাই তথা ৫ আগস্ট, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে দেশজুড়ে ছাত্র-জনতার ঐতিহাসিক গণআন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগে বাধ্য হন। সেই স্মরণীয় ঘটনার পর থেকেই দিনটি জাতীয়ভাবে ৩৬ জুলাই হিসেবে পালিত হয়ে আসছে এবং আজকের দিনটি সরকারিভাবে ছুটির দিন হিসেবে ঘোষিত।
এই দিনকে কেন্দ্র করে আজ টাঙ্গাইলের কালিহাতীতে আয়োজন করা হয় বিজয় মিছিল ও গণসমাবেশের। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিলসহ সমাবেশস্থল কালিহাতী আর.এস. সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকেন। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে মিছিলগুলো একত্রিত হয়ে বিশাল সমাবেশে রূপ নেয়। এরপর একটি বিজয় মিছিল বের হয়, যা বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে কালিহাতী বাসস্ট্যান্ড পর্যন্ত অগ্রসর হয়।
তবে বিজয় মিছিল চলাকালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে হঠাৎ করে বাকবিতণ্ডা শুরু হয়, যা দ্রুতই উত্তেজনাকর রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাকবিতন্ডার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন বলে জানা গেছে।
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন পদক্ষেপ নেয়। পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় টহল জোরদার করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতীয় চেতনার এমন এক দিনে দলীয় কোন্দল সত্যিই লজ্জাজনক। অন্যদিকে স্থানীয় নাগরিক সমাজ মনে করেন, এই দিনটি গণতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের প্রতীক। এখানে কোনো দলীয় বিভাজন বা বিরোধের জায়গা নেই।
সার্বিকভাবে, ৩৬ জুলাইয়ের ঐতিহাসিক তাৎপর্যকে ঘিরে আয়োজিত কর্মসূচি সফল হলেও অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনায় কালিহাতীর মানুষ কিছুটা হতাশ ও উদ্বিগ্ন।


















