ডেস্ক:
আমার মৃত্যুর পরে জানি না
কেমন থাকবে এই আকাশ, এই নদী
হয়তো সন্ধ্যার রোদ আরও নরম হবে,
হয়তো পাখির ডানায়
আরও দীর্ঘ ক্লান্তি জমে উঠবে।।
নদী তখনও বইবে
আমার অনুপস্থিতি না বুঝেই
জলের বুক চিরে
অচেনা আলো এগিয়ে যাবে দূরে।
এই ঘাটে আমি একদিন
চুপচাপ দাঁড়িয়ে ছিলাম
সে কথা নদী মনে রাখবে না।
ধানক্ষেতের ভিতর দিয়ে
পথটি তখনও হেঁটে যাবে গ্রামের দিকে,
শুধু আমার ছায়াটি
আর সঙ্গে থাকবে না।
ঘাসে শিশির নামবে,
ভোর আসবে
কিন্তু আমাকে ডাকার মতো
কোনো সকাল থাকবে না।
আকাশ আরও বড় হবে,
নীল আরও গভীর,
মেঘেরা চলবে তাদের পুরোনো পথে।
পাখিরা ফিরবে নীড়ে
কিন্তু আমার চোখে দেখা
শেষ আকাশটির কথা
কেউ জানবে না।
আমি তখন কোথায় থাকবো
হয়তো কোনো পাতার নিচে
একটুখানি নীরবতায়,
হয়তো বাতাসের ভেতর
একটি ভুলে যাওয়া শ্বাসে।
পৃথিবী থাকবে
নদী, আকাশ, সন্ধ্যা, তারা
সব থাকবে অবিকল।
শুধু আমি থাকবো না
এই থাকার ভেতরের অনুপস্থিতিটুকুই
হয়তো আমার মৃত্যু।


















